চাঁদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিতে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৩:৪২ পিএম
চাঁদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিতে  জরিমানা

চাঁদপুর সদর উপজেলায় মান সনদ গ্রহণ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে:  কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি (ইলিশ চত্বর, সদর, চাঁদপুর): বিএসটিআই-এর মান সনদ গ্রহণের আবেদন ছাড়াই সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেক পণ্য বিক্রি এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ২৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আরাবিয়ান সুইটস অ্যান্ড পেস্ট্রি শপ (মিশন রোড, সদর, চাঁদপুর): একই অপরাধে এই প্রতিষ্ঠানটিকেও বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল রোধ ও সঠিক মান নিশ্চিত করতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে