শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ রোহান মিয়া ও ইসমাইল হোসেন নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। রোহান মিয়া ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল হোসেন একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, গত রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল দুজনই নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে স্থানীয়রা সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝে মধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে তারা ভালোভাবে সাঁতার জানতো না। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।