সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মোট ২৭টি পরিবারের অনুকূলে ৯৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। এতে সহযোগিতা করে সাতক্ষীরা জেলা প্রশাসন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম, খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু এবং ব্যবসায়ী আবদুল্লাহ আল সিয়াম। অনুষ্ঠানে বিআরটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।