সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আওতা বাড়ানোর প্রস্তাবে গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলাকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের কার্যক্রম ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তারা এ আহ্বান জানান। সমাবেশে এমরান আহমদ চৌধুরী বলেন, সিউকের আওতা বাড়ানোর একটি পরিকল্পনা করা হয়েছে এবং এতে গোলাপগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। দূরের উপজেলা যুক্ত করলে সেখানকার নাগরিক সেবা ব্যাহত হতে পারে উল্লেখ করে তিনি গোলাপগঞ্জকে প্রস্তাব থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে তাহসিনা রুশদীর লুনা বলেন, সিউকের কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনায় বিশ্বনাথ উপজেলাকেও অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। তিনি বলেন, বিশ্বনাথের মানুষ যেন নাগরিক সেবা নিতে সিলেট শহরে আসতে বাধ্য না হন। স্থানীয়ভাবে সেবা নিশ্চিত করা গেলে মানুষের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে। এরপূর্বে রোববার সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান জানিয়েছিলেন ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’-এর আওতায় গঠিত সিউকের প্রস্তাবিত অধিক্ষেত্র প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার। এর মধ্যে সিলেট মহানগরের ৭৯ দশমিক ৫ বর্গকিলোমিটারের পাশাপাশি সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।