ক্ষেতলালে বসতবাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধে আহত ১

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৩ পিএম
ক্ষেতলালে বসতবাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধে আহত ১

জয়পুরহাটের ক্ষেতলালে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারামারি ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গরম পানি ছোড়ার অভিযোগে তিতাশ নামে এক ব্যক্তি শরীর কিছুটা ঝলসে আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিশ্চিন্তা গ্রামের মৃত ডা. আফতাব উদ্দিন মন্ডলের দুই ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ মাষ্টার (৮২) ও সাজ্জাদুর রশিদের (৬৫) পরিবারের মধ্যে জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকালে সামাদ মাষ্টার মিস্ত্রি দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে ভাতিজা সুমন বাধা দেন। পরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শহিদুলের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

সামাদ মাষ্টারের অভিযোগ, আলোচনার একপর্যায়ে সুমন গরম পানি ছুড়ে মারলে তার মেয়ের জামাই তিতাশের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। তবে গরম পানি ছোড়ার অভিযোগ অস্বীকার করে সুমন বলেন, তার বড় আব্বা লোকজন নিয়ে এসে জমি না মেপে আমার বসতবাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। তিনি ও তার বাবা বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। প্রাণভয়ে তারা ঘরে ঢ়ুকে আত্মরক্ষা করেন। এ সময় তার মা উঠানে ভাত রান্না করছিলেন। চুলার ওপর তার মেয়ে জামাই তিতাশ পা পিছলে পড়ে গরম পানিতে ঝলসে যান। তিনি দাবি করেন, তারা কেউ গরম পানি ছোড়েননি। এদিকে, সুমন ৯৯৯-এ ফোন করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় কাজ বন্ধ রেখে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শহিদুল বলেন, সমঝোতার আলোচনা চলাকালে সুমন গরম পানি ছিটালে তিতাশ আহত হন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে