শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৭:১৯ পিএম
শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া জেলা কার্যালয় ও শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এবং শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিরাকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান ইখতিয়ার উদ্দিন, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ এবং উচরং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল- “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।”

বিষয়টির পক্ষে অংশ নেয় ধনকুন্ডির শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। দলটির প্রথম বক্তা ছিলেন হাফিজাতুন নাহার নেহা, দ্বিতীয় বক্তা আবরার রাফিদ সরকার এবং দলনেতা ছিলেন সামিয়া ইসলাম।অন্যদিকে, বিষয়ের বিপক্ষে অংশ নেয় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দলটির প্রথম বক্তা মৌমিতা চৌহান, দ্বিতীয় বক্তা মীম আক্তার এবং দলনেতা সমৃদ্ধি কর্মকার। এ সময় শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক নাহিদ আল মালেক, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, সাংবাদিক সৌরভ অধিকারী শুভসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত বিতর্ক শেষে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা সামিয়া ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে