বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আকতার। আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজের পরিচালক ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ও মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন গুয়াংদং হংহুয়া নিউ মেটেরিয়ালস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা ইয়াং। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়াই নয়, তাদের স্বপ্নকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কলেজটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম বলেন, বাবুগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় থাকলেও উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না। ফলে এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার জন্য বরিশাল শহরে যেতে হতো, এতে তাদের সময়, শ্রম ও অর্থ, তিনটিই বেশি ব্যয় হতো।
তনি বলেন, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্যেই আমরা আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজের কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলেই জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য শিক্ষাবর্ষজুড়ে থাকবে বিভিন্ন অফার ও প্রণোদনা।