বরিশালে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৪:২১ পিএম
বরিশালে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানসহ বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।  গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নয়টি কথিত ইয়াবা বড়ি, ২১ পুরিয়া গাঁজা এবং ৫৬ বোতল উইনসেরেক্স (কোডিন ফসফেট) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নয়টি কথিত ইয়াবা বড়ি, ২১ পুরিয়া গাঁজা এবং ৫৬ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন, নিয়মিত ও আগের মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে