নীলফামারীর সৈয়দপুরে গভীর রাতে একটি বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের মারধর থেকে প্রাণে বাঁচতে বাড়ির লোকজন পালিয়ে রক্ষা পান। ঘটনার পর থেকে আতঙ্কে ওই বাড়িতে যেতে পারছেন না তারা। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় মাহফুজা খাতুনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বাড়িতে ঢ়ুকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলাকারীদের কয়েকজনের হাতে লোহার রড, বাঁশের লাঠি ও খুন্তি ছিল। তারা বাড়ির দেয়াল, দরজা-জানালা ভাঙচুর করে। পরে টিনের চালা ও বেড়া, ঘরের আসবাবপত্র, এলইডি স্মার্ট টিভি, ফ্রিজ, শোকেস ও আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করা হয়।
পরিবারের দাবি, হামলা ও ভাঙচুরে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের ড্রয়ারে রাখা নগদ ৬০ হাজার টাকা এবং বেশ কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাবু, রায়হান ও সাইদুলসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মাহফুজার স্বামী মো. সুমন বলেন,হামলাকারীদের ভয়ে প্রাণ বাঁচাতে আমাদের পালিয়ে যেতে হয়েছে। তারা ঘরের সবকিছু ভাঙচুর করে এবং টাকা-পয়সা ও মালামাল নিয়ে গেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় আমরা বাড়িতে যেতে পারছি না। তিনি আরও জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।