রাজশাহীর চর মাঝারদিয়ায় তিন হাজার গরুকে বিনা মূল্যে টিকা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৩:০৭ পিএম
রাজশাহীর চর মাঝারদিয়ায় তিন হাজার  গরুকে বিনা মূল্যে টিকা
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের দুর্গম চর মাঝারদিয়া এলাকায় খামারি ও গৃহস্থদের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় তিন হাজার গরুকে টিকা দেওয়া হয়। রাজশাহী জেলা যুবদলের সদস্য ও হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল ইসলাম সাহেবজাদার সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, চর মাঝারদিয়া একটি দুর্গম এলাকা। এখানে হাজার হাজার গরু, ছাগল ও মহিষ রয়েছে। গবাদিপশুর পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর ছেলে ফরিদুল ইসলাম সাহেবজাদার উদ্যোগ ও নিজ অর্থায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে এ এলাকায় অসুস্থ হয়ে অনেক গরু মারা যাওয়ায় গৃহস্থদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে যেন কোনো গবাদিপশু বিনা চিকিৎসায় মারা না যায়, সে জন্য প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। চর মাঝারদিয়ার উন্নয়ন প্রসঙ্গে মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, এ এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, পারাপারের জন্য ভ্রাম্যমাণ ঘাট স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। দুর্গম চরটিকে আলোকিত করতে দ্রুত সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না উল্লেখ করে তিনি বলেন, দল থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে। দলের প্রতি আনুগত্য রেখে সবাইকে সেই প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে চারটি দলে ভাগ হয়ে পুরো এলাকায় গবাদিপশুকে টিকা দেওয়া শুরু হয়। হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সোহরাব খান। এ সময় পবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এমএএলও (সম্প্রসারণ) মোহা. আব্দুস সালাম ও হেলাল উদ্দিন, বড়গাছীর জিডিইডব্লিউ রুবেল আলী, হরিয়ান ইউনিয়নের ভ্যাকসিনেটর জাহাঙ্গীর আলম, এআই টেকনিশিয়ান রবিউল ইসলাম, এআই কর্মী সোহাগ আলী ও বোয়ালিয়া প্রাণিসম্পদ দপ্তরের মেট্রন শাহীন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে