সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চাই কার্যকর উদ্যোগ

এফএনএস | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ১১:১০ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চাই কার্যকর উদ্যোগ

বাংলাদেশের সংবিধান সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়। তাই ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের কারণে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতা কিংবা বৈষম্যের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। সম্প্রতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭টি ঘটনার অভিযোগ তুলে ধরেছে এবং এসব ঘটনায় ৪৪ জন নিহত হওয়ার দাবি করেছে। এসব তথ্য সংশ্লিষ্ট সংগঠনের নিজস্ব সংকলন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদ্‌ঘাটন করা রাষ্ট্রের দায়িত্ব। সংগঠনটির উপস্থাপিত তথ্য অনুযায়ী, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ, জমি দখল, নারী নির্যাতন এবং হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। যদি এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তবে তা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্ন নয়; বরং আইনের শাসন, মানবাধিকার এবং সামাজিক সম্প্রীতির জন্যও গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের জন্য পরিচিত। অতীতে বিভিন্ন সংকটের মধ্যেও সাধারণ মানুষ পারস্পরিক সহাবস্থান ও সহনশীলতার নজির স্থাপন করেছেন। সেই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হলে বিচ্ছিন্ন কোনো সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে প্রতিটি অভিযোগকে রাজনৈতিক বা সামাজিক বিতর্কের ঊর্ধ্বে রেখে তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটি সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয়, বৈষম্য বিলোপ আইনসহ আট দফা দাবি উপস্থাপন করেছে। এসব প্রস্তাবের বাস্তবতা, সাংবিধানিক কাঠামো এবং প্রয়োজনীয়তা নিয়ে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও অংশীজনদের মধ্যে গঠনমূলক আলোচনা হতে পারে। নীতিগত যেকোনো সিদ্ধান্ত যেন সংবিধান, আইনের শাসন এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা কেবল সরকারের একার দায়িত্ব নয়; রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং নাগরিক সমাজ-সবারই দায়িত্ব রয়েছে। গুজব, বিদ্বেষমূলক প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর নজরদারি প্রয়োজন। একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রে প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও ধর্মীয় স্বাধীনতা সমানভাবে সুরক্ষিত থাকা আবশ্যক। তাই সাম্প্রদায়িক সহিংসতার যেকোনো অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই হতে পারে সামাজিক সম্প্রীতি ও জনআস্থা বজায় রাখার সবচেয়ে কার্যকর পথ।