রুটে গাড়ী বৃদ্ধির দাবিতে

সৈয়দপুরে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ পিএম
সৈয়দপুরে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও রোডে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বাসের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুরে সমিতির প্রধান কার্যালয়ে ওই সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

এ সময় বক্তারা বলেন, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী চলাচল করলেও প্রয়োজনের তুলনায় সমিতির বাসের সংখ্যা কম। ফলে অনেক সময় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে পর্যাপ্ত বাস না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

বক্তারা আরও বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় এসব গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিবহনসেবার মান উন্নত করা প্রয়োজন। সময়সূচি মেনে বাস চলাচল, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সাংবাদিক সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সরকার বলেন, রংপুর,দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার গাড়ী চলছে বেশ কয়েকটি। ওই গাড়ীগুলো সৈয়দপুর হয়ে চলাচল করে কিন্তু নীলফামারী জেলার কোন গাড়ী রুটে চলাচল করতে দেয়া হচ্ছে না। সমিতি সৈয়দপুর ও নীলফামারীর সাথে বৈষম্য সৃষ্টি করেছে।

দিনাজপুর মালিকের ৩২ টি গাড়ী চলছে। সেখানে সৈয়দপুর মালিকের চলে মাত্র ৬ টি। আবার রংপুর মালিকের গাড়ী চলে ৩১ টি আর সৈয়দপুর মালিকের চলে ৮টি। আমাদের দাবি হল সমান সংখ্যক গাড়ী চলাচল করবে। কারো বেশী চলবে আর কারো চলবে না এটা হতে পারে না।

এদিকে রংপুর থেকে গেটলক গাড়ী শেষ সময় করতে হবে রাত ৮ টা। রংপুর থেকে দিনাজপুর ও ঠাকুরগাও গামী গাড়ীতে সৈয়দপুরের যাত্রীদের নেয়া হয় না। আমরা এর নিন্দা জানাই। এছাড়াও বক্তব্য বলেন,নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি শাহনওয়াজ হোসেন শানু,সহসভাপতি মোঃ আনোয়ারুল হাফিজ, সহসভাপতি মোঃ মোফাকখারুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মজনু, সড়ক সম্পাদক ( অভ্যন্তরীণ) মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আরমান হামিদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্য মালিক ও শ্রমিক নেতারা বক্তব্য দেন। বক্তারা রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে সমিতির বাসের সংখ্যা দ্রুত বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তাদের দাবি আমাদের গাড়ীর সংখ্যা রুটে বাড়াতে হবে। যদি আগামি ১০ সেপ্টেম্বরের মধ্যে গাড়ীর সংখ্যা বৃদ্ধি না করা হয় তাহলে বড় ধরনের আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দায়ভার নিতে হবে দিনাজপুর,রংপুর ও ঠাকুরগাও সমিতিকে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে