কাহারোলে আলু বিক্রি করে খরচ উঠছেনা, হতাশ চাষী ও ব্যবসায়ীরা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০১ পিএম
কাহারোলে আলু বিক্রি করে খরচ উঠছেনা, হতাশ চাষী ও ব্যবসায়ীরা

হিমাগারের শীতল ঘড়ে ৪ মাস ধরে পরম যত্নে আগলে রাখা আলু এখন দিনাজপুরের কাহারোল উপজেলার আলু চাষী ও আলু ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাড়িয়েছে। মৌসুমের শুরুতে লাভের স্বপ্ন থাকলেও আজ তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিবস্তা আলু হিমাগারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা থেকে এক হাজার টাকা। কৃষক ও ব্যবসায়িরা হিমাগারে আলু রেখে খরচ করেছে  এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৪০০ টাকা। আলু বিক্রি করে লোকসান হচ্ছে প্রতিবস্তায় ৩৫০ থেকে ৪০০ টাকা। এ দিকে হিমাগারে আলু রেখে ঋনের জালে বন্দি হয়ে পড়েছেন শত শত কৃষক ও ব্যবসায়িরা।  বর্তমানে আমন চাষের ভরা মৌসুমে বাড়তি খরচের চাহিদা মেটাতে এই আলু বিক্রি করতে গিয়ে চোখে অন্ধকার দেখেছেন আলু চাষীরা। কারন হিমাগারের ভাড়াতো দুরের কথা উৎপাদন খরচ টুকু উঠছে না। লোকসানের এই পাহাড়সম কারনে চরম বিপাকে পড়েছে উপজেলার আলু চাষী ও ব্যবসায়িরা। 

জানাগেছে, কাহারোল উপজেলায় হিমাগার গুলোতে ৬০ কেজির প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকা। এতে প্রতি বস্তা আলু বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে ৪ শত থেকে ৪ শত ৫০ টাকা। মৌসুমের শুরুতে দাম না পেয়েও লাভের আশায় শাহী ও রাহবার ২ টি হিমাগারে ২০ হাজার মেট্রিক টন আলু সংরক্ষন করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু ৪ মাসের পরেও বাজারে আলুর দাম ও চাহিদা বাড়েনী। বর্তমানে আমন ধান চাষের খরচ মেটাতে এই সময়ে উৎপাদিত আলু বিক্রি করতে গিয়ে তা সম্ভব না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় মোকামগুলোতে ও আলুর চাহিদা না থাকায় ব্যবসায়ীরা ও পড়েছে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। আলু ব্যবসায়ী মোঃ হাসান আলী জানান, তিনি এবার ৯৫০ বস্তা আলু হিমাগারে রেখেছেন। আলু ক্রয় ও খরচ এবং হিমাগার ভাড়া সব মিলে প্রতি ৬০ কেজির বস্তায় খরচ পড়েছে ১৩৫০ টাকা আর হিমাগারে প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে ৯৫০ টাকা। লোকশান হচ্ছে প্রতি বস্তায় ৪৫০ টাকা। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায় চলতি রবি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। আলুর উৎপাদন হয়েছিল প্রায় ১ লক্ষ মেট্রিক টনের মতো।  এ বিষয়ে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা নিম্নমুখি। তাবে আলুর বাজার মূল্য স্থিতিশীল ও বৃদ্ধির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কৃষি বিভাগ কাজ করছে। সুতরাং আশা করা যায় আলু দাম বাড়বে। ফলে কৃষকেরা লাভবান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে