গাজীপুরের কালিয়াকৈরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহতের ঘটনা ঘটেছে। উপজেলার চাপাইর ইউনিয়নের গন্ধেকচালা, ভালুকবের ধুলিগড়া ও পামওয়েল বাজার এলাকায় গত কয়েক দিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ এলাকাবাসী তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন।
জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের গন্ধেকচালা গ্রামের আলালের ছেলে মোঃ দিন ইসলাম (৯), শামসুল হকের ছেলে আলমাছ(৪০), মোঃ আলী হোসেনকে গত দুই দিনে শিয়ালে কমড়ায়। এছাড়া আশপাশের গ্রামের দুখাই মাতাব্বর, হরিদাসী, আবুল হোসেন, মিম আক্তার ও মিনারের স্ত্রীসহ কমপক্ষে ২০ জনকে হঠাৎ করেই জঙ্গল থেকে পাগলা শিয়াল বের হয়ে এসে কামড় দেয়। গ্রামের বিভিন্ন স্থানে শিয়ালগুলো গবাদিপশুর ওপরও হামলা শুরু করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, শিয়ালের আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে।
গন্ধেক চালা গ্রামের মোঃ জসিম উদ্দিন বলেন, গত দুই দিনে এই গ্রামসহ আশেপাশের কয়েকটি এলাকার মানুষ ও গরুছাগলকে শিয়ালে কামড়িয়েছে। বাড়ির বাইরে বের হলে হঠাৎ করেই শিয়াল এসে হামলা করে কামড়াতে থাকে, শিয়ালের আতঙ্কে লাঠি নিয়ে বাইরে বের হচ্ছি। আজকে সকালে শিয়ালে কামড়াতে আসলে গ্রামের ক্ষুব্ধ নারী পুরুষ সহ ২০-২৫ জন মিলে তিনটি শিয়ালকে পিটিয়ে মারা হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে এবং গুরুতর আহতদের জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে।