মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে মৎস্যজীবীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘মৌলভীবাজারের হাওরাঞ্চলে টেকসই জীবিকা ও মৎস্যসম্পদ নিশ্চিত করতে মৎস্য ব্যবস্থাপনায় সমন্বিত প্রতিবেশভিত্তিক পদ্ধতি’ শীর্ষক এ প্রশিক্ষণের মূল বিষয় ‘টেকসই মৎস্যচর্চা’।
মৌলভীবাজার জেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সন্তোষ রঞ্জন দত্ত। প্রশিক্ষণে হাইল হাওরসংলগ্ন মির্জাপুর ইউনিয়নের ২৫ জন মৎস্যজীবী অংশ নেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৬ সেপ্টেম্বর।
প্রশিক্ষণে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষা, পোনা ও মা মাছ সংরক্ষণ, টেকসইভাবে মাছ আহরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। একই সঙ্গে হাওরের ওপর নির্ভরশীল মৎস্যজীবীদের জীবিকা আরও টেকসই করার বিভিন্ন কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, “হাওরের মৎস্যসম্পদ রক্ষা ও এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে মৎস্যজীবীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, পোনা ও মা মাছ রক্ষা এবং দায়িত্বশীলভাবে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে মৎস্যজীবীদের জীবিকা কীভাবে আরও টেকসই করা যায়, প্রশিক্ষণে সে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মৎস্যজীবীরা হাওরের মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।”
আয়োজকরা জানান, হাওরের মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি মৎস্যজীবীদের জীবন-জীবিকার উন্নয়ন এবং জলজ প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে সমন্বিত ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।