নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম লুহাইতাও। যৌথ উদ্ধারকারী দলের সদস্যরা সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতরে তাকে খুঁজে পান। পরে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত দলটি তাকে জীবিত অবস্থায় সুড়ঙ্গ থেকে বের করে আনে।
নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট জানান, উদ্ধারের পর লুহাইতাওকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ভয়াবহ ভোটেকোশি বন্যার পর আপার ত্রিশূলী-১ প্রকল্প এলাকায় আরও কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।