রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনায় অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত দোষীদের পাশাপাশি অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারবে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার হাসপাতালে এসেছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভাগুলোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনগুলো হয়নি এবং কেন হয়নি, সেসব বিষয় পর্যালোচনা করা হবে।
তিনি জানান, অ্যানেসথেসিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা যাচ্ছিল না। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।
স্বাস্থ্য খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম ও দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে পৌঁছেছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সারাদেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পৃথক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য ছয়তলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১০ কোটি টাকা। ভবনটির প্রথম তলায় জেনারেটরের সাবস্টেশন, দ্বিতীয় তলায় ম্যানিফোল্ড রুম ও বৈদ্যুতিক নিয়ন্ত্রণকক্ষ এবং তৃতীয় তলায় স্টোররুম থাকবে। চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসার সদস্যদের ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে।
এর আগে হাসপাতাল ক্যাম্পাসে যাওয়ার আগে রংপুর নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।