ইতালিতে জুলাই গণঅভ্যুত্থানের এক খ্যাতনামা নারী যোদ্ধার ওপর বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন তিনি। ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বার্তায় মাহ্দী আমিন বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। ইতালির স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা সাহসিকতার সাথে লড়াই করেছেন, তাদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। দেশ বা বিদেশ-যেখানেই হামলা হোক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে।