চাঁদপুর শাহতলীতে মাদকবিরোধী সুধী সমাবেশ

শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়: পুলিশ সুপার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়: পুলিশ সুপার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলীতে একটি মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পূর্ব শাহতলী কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে পূর্ব শাহতলী মাদকবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং স্থানীয়  বিএনপির নেতা মো. জাহাঙ্গীর খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ, এসআই আওলাদ হোসেন এবং ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীর তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; অভিভাবকদের নিজ সন্তানদের ওপর নজরদারি বাড়াতে হবে এবং তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।” বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান,  চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন  লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, এবং মাদক নির্মূল কমিটির সভাপতি জহির চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার শত শত সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে