চাঁদপুরে ৩ মাস মাদক কিশোর গ্যাং ও চাঁদাবাজি মামলায় জামিন চাইবেন না আইনজীবীরা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৭ পিএম
চাঁদপুরে ৩ মাস মাদক কিশোর গ্যাং ও চাঁদাবাজি মামলায় জামিন চাইবেন না আইনজীবীরা

চাঁদপুর জেলার কোনো আদালতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি সংক্রান্ত মামলায় আগামী তিন মাস কোনো আইনজীবী জামিনের আবেদন করবেন না বলে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।

 ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পরবর্তী তিন মাস এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে এক ঘোষণায় জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শামছুল ইসলাম মন্টু। জেলা আইনজীবী সমিতি ভবনে বুধবার অনুষ্ঠিত আইনজীবীদের জরুরী সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, সমাজে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণ এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট আইনজীবীদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদপুর জেলার কোনো আদালতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মামলায় আসামিদের পক্ষে জামিনের আবেদন না করার বিষয়ে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সম্মত হয়েছেন।

তিনি আরও জানান, আইনজীবীদের এমন উদ্যোগকে অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আদালতে বিচারাধীন মামলায় আইনগত অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে। এ সিদ্ধান্তের ফলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে জনসচেতনতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এদিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা হয়। এতে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালতসহ মোট তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর আদালত বর্জনের বিষয়টি জানাজানি হলে পুরো কোর্ট প্রাঙ্গণে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল জানান, জরুরি সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, আদালতের সঙ্গে সমন্বয়হীনতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে  বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের সমস্যাগুলো সমাধান এবং আদালতের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সিমিতির এই সিদ্ধান্ত বহাল থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে