নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম
নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘চাল’ ভুল হচ্ছে বলে ধরিয়ে দেওয়ায় রফিক মিয়া (৩৫) নামে এক যুবককে কিল-ঘুষি ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক নিশ্চিন্তপুর গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন রফিক। খেলা চলাকালে রফিক তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় রফিক গুরুত আহত হয় । পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকের বড়  ভাই সফিক মিয়া জানান, বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে পরে আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে  রফিক মারা যায়। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন।  ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে