সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৩ এএম
সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করেন, এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে একপেশে হারের কারণ শুধুই ব্যাটিং ব্যর্থতা। বল হাতে সতীর্থরা ভালো করেছেন জানিয়ে একগাদা ক্যাচ মিস সত্ত্বেও ফিল্ডিং ইউনিটেরও প্রশংসা করেছেন তিনি। জ্যোতি জানান, ভারতকে ১৪৯ নয়, ১৩০ রানে আটকে রাখার ভাবনা ছিল তাদের। বলেছেন, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছিৃ তবে সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়।’ ব্যাটিং ইউনিটের অধারাবাহিকতাকে দোষারোপ করে তিনি বলেন, ‘এটা দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীর গতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।’ স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে শুরুতেই ভারতকে চেপে ধরেছিল বাঘিনীরা। যদিও এই ছন্দ ধরে রাখতে পারেনি। জ্যোতি জানান, ‘স্মৃতি মান্ধানা না শুধু, আমরা ওদের সব ব্যাটারকে নিয়েই কথা বলেছি। তারা সুযোগ দিয়েছিল, আমরা কাজে লাগাতে পারিনি। দ্বিতীয় ওভারেই লং অনে ক্যাচ দিয়েছিল শেফালি ভার্মা। ঐ ক্যাচ ধরলে পুরো দৃশ্য অন্যরকম হতে পারত। তবে যেভাবে মেয়েরা লড়াই করেছে, আমি খুশি।’ এ সময় দলের বোলিং ও ফিল্ডিং নৈপুন্য নিয়ে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।’ জ্যোতি বলেন, ‘মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকত।’

আপনার জেলার সংবাদ পড়তে