ঢাকা থেকে ভোলাগামী ‘ফারহান-৩’ লঞ্চে খিঁচুনিজনিত কারণে অসুস্থ হয়ে পড়া এক তরুণীকে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার রাতে লঞ্চটি চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে যাত্রী শিহাবের স্ত্রী হঠাৎ অচেতন হয়ে পড়েন। জরুরি নম্বরের কল পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাৎক্ষণিকভাবে লঞ্চে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রোগীর অবস্থার অবনতি হলে কোস্ট গার্ডের বোটযোগে তাকে চাঁদপুর লঞ্চ ঘাট এনে দ্রুত একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জনসেবায় কোস্ট গার্ডের এমন তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।