শিক্ষার্থীর মজার ভিডিও ঘিরে আলোচনা

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৭ পিএম
ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। একই সঙ্গে অনুষ্ঠানে ঘটিত কিছু ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে একটি অনাকাঙ্ক্ষিত ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলমান প্রতিক্রিয়া রোধে সকল পোস্ট মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া একজন শিক্ষার্থীর মজার ছলে করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, সবার মত প্রকাশের স্বাধীনতাকে তারা সবসময় সম্মান করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট বা নেতিবাচক প্রতিক্রিয়াগুলো ডিলিট করার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আরও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যেকোনো ত্রুটি বিচ্যুতি এড়িয়ে আরও সুন্দর ও গোছানো অনুষ্ঠান আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন এই সংসদ সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে