৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর চাঁদপুর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে উভয় খেলায় ফাইনালে উন্নীত হয়েছে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের দুটি দল।
দিনভর রোমাঞ্চকর প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নেওয়ায় এখন স্কুল জুড়ে বইছে আনন্দের জোয়ার। সোমবার (১৪ সেপ্টেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা। এর আগে সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রতিযোগিতায় মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী কেএফটি কলেজিয়েট স্কুল বালিকা টিমের খেলোয়াড় ও অফিশিয়ালরা ফাইনালে জয়ের ধারা অব্যাহত রাখতে শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী সকল মতলববাসীর আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন। সোমবার দুপুর ১২:৩০ মিনিটে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।