সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। নিহত দুই শিশু হলো লাবিব হাসান (৯) ও লিমা আক্তার (১০)। লাবিব বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে এবং লিমা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। তারা দুজনই স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পুকুরপাড়ে দুই শিশুর জুতা ও কুড়ানো শাপলা ফুল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। এরপর তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে লিমার ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুকুরের সিঁড়ির তলদেশ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দুপুরে পুকুরে গোসল করতে নেমে তারা পানিতে তলিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।