আত্মসাতকৃত টাকা আদায় ও অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৭ পিএম
আত্মসাতকৃত টাকা আদায় ও অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোরের অভয়নগরে আত্মসাতকৃত টাকা ফিরে পেতে ও ফেসবুকে অপপ্রচার বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন মো. নুরুজ্জামান রিপন নামে নওয়াপাড়ার এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুর ২টার দিকে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. নুরুজ্জামান রিপন তার লিখিত বক্তব্যে বলেন, নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ‘জেপিএন ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে কয়লা, গম, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যের ব্যবসা সুনামের সঙ্গে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে করছেন তিনি। হঠাৎ অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে আবুল হাসান নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ‘বিন হাসান’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। 

তিনি আরো বলেন, বিন হাসান নামের ব্যবসাপ্রতিষ্ঠান চালুর পূর্বে আবুল হাসান আমার প্রতিষ্ঠানের মালামাল ক্রয় করতেন। ক্রয়ের সূত্রে তিনি আমার প্রতিষ্ঠান থেকে সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করে নওয়াপাড়া ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে আত্মসাতকৃত টাকা ফেরত চাইলে তিনি আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট অপপ্রচার শুরু করেন। যে অপপ্রচার আমার দেড় যুগের ব্যবসায়ী সুনাম নষ্ট করছে। সম্প্রতি তিনি ফেসবুকে আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যকে হত্যার হুমকিও দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ও পরিবারের নিরাপত্তার চেয়ে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি। এছাড়া আবুল হাসানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রযেছে।  

মো. নুরুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে দাবি করেন, মানব পাচারকারী চক্রের সদস্য আবুল হাসানের মত একজন ভয়ংকর প্রতারক ও অর্থ আত্মসাতকারীকে আটক করে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে।

সকল অভিযোগ অস্বীকার করে আবুল হাসান মুঠোফোনে বলেন, ব্যবসায়ী নুরুজ্জামান রিপন আমার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। ধারের টাকা পরিশোধ না করা পর্যন্ত ফেসবুকে অপপ্রচারের পাশাপাশি তাকে নওয়াপাড়ার মাটি থেকে নিশ্চিহ্ন করার সব ধরণের কাজ অব্যাহত থাকবে। 


আপনার জেলার সংবাদ পড়তে