রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়। এ জন্য সংশ্লিষ্ট সকল বাহিনীকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। অপরাধ দমনে জনগণকেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি এ কথা বলেন।
ডিআইজি আশিক সাঈদ আরও বলেন, স্কুল চলাকালে ও ছুটির সময় ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) ঠেকাতে সড়কে অতিরিক্ত পুলিশ টহল রাখতে হবে।কোনো বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ত্রিপল নাইন-এ ফোন করবেন।
এদিকে পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ বালু উত্তোলনের প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, ওই এলাকায় ‘কাকন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কথা পুলিশ জানতে পেরেছে। অবৈধভাবে বালুমহল পরিচালনার অভিযোগে ওই গোষ্ঠীর একজনকে ইতিমধ্যে গ্রেফতা করা হয়েছে। কাকনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি খুব শীর্ঘই উপজেলার চরাঞ্চলে অবস্থিত পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা হবে।
এ দিকে আড়ানী পৌর এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানেও একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। রাজশাহী বেতারের উপস্থাপিকা রোকসানা আক্তার লাকির সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর-রশিদ। বক্তব্য রাখেন বাঘা থানার ওসি সেরাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী মলিন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা আক্তার, বাঘা-চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ মাহমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাথী।