নাটোরের লালপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যানজট নিরসন ও স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও সহজ করে জনসাধারণের ভোগান্তি কমাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালপুর ফিলিং স্টেশন থেকে বনপাড়া সড়কের ছয় রাস্তার মোড় এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সংকটের সময়েও সরকার আপনাদের জন্য রাস্তা, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এত কষ্ট করে সরকার যে উন্নয়ন করছে, আমরা যদি অনিয়ম করে সেগুলো নষ্ট করি, তাহলে সেটি আমাদের জন্য উচিত কাজ হবে না।”
তিনি আরও বলেন, “লালপুরে কত রাস্তা-ঘাট, স্কুল-কলেজ বা অন্যান্য উন্নয়ন প্রয়োজন, আমাকে বলুন। প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করার চেষ্টা করব। তবে আপনারা এসব উন্নয়নমূলক কাজ নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। উন্নয়ন শুধু করে দিলেই হবে না, সেটি টিকিয়ে রাখার দায়িত্বও সবার।” অবৈধ দোকানপাটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব, আর আপনারা সেটি নষ্ট করবেন-তা হতে দেওয়া হবে না।”
লালপুর বাজারের সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিষয়ে তিনি বলেন, “আপনাদের নামে চিঠি দেওয়া হবে। চিঠিতে যে সময়সীমা দেওয়া হবে, সেই সময়ের মধ্যে সড়কপথ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।” পরে প্রতিমন্ত্রী উপজেলার আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যরে আরও একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন জানান, ছয় রাস্তার মোড় এলাকায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যরে এবং আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যরে সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।