ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত, আহত অনেকে

এফএনএস (অনলাইন ডেস্ক):
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ পিএম
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত, আহত অনেকে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলির আক্রমণে অন্তত একজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিনদানো প্রদেশের দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে হতাহতদের সঠিক সংখ্যা সম্পর্কে স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বক্তব্যের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি হামলাকারীর পরিচয় বা সে নিহত বা আহতদের মধ্যে রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। অন্যদিকে, স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে অন্যান্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হতাহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে বাঙ্গা পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকল শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রাথমিক সহায়তার জন্য ঘটনাস্থলে ফিলিপাইন রেড ক্রসের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে।

ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রকৃত ঘটনা উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনে সাধারণ মানুষের মধ্যে আগ্নেয়াস্ত্রের মালিকানা ও ব্যবহার তুলনামূলক বেশি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা একেবারেই বিরল। এর আগে গত জুন মাসে দেশটির মধ্যাঞ্চলের একটি স্কুলে সহপাঠীদের গুলিতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, সে সময় পুরোনো বিরোধ ও বুলিংয়ের কারণে ওই হামলা সংঘটিত হয়েছিল।