চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ব্যাংক কলোনির আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন শহরের বিষ্ণুদী রোড সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন একটি ৫ তলা ভবনের ছাদে শ্রমিকদের সঙ্গে তদারকির কাজ করছিলেন দেলোয়ার হোসেন। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে কর্মরত শ্রমিকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক ড. মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।