বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও নীলফামারীর সৈয়দপুরে তা মানছেন না অনেক ব্যবসায়ী। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরও মোমবাতি জ্বালিয়ে রাত ৯টার পর পর্যন্ত বিভিন্ন মার্কেট ও দোকানে বেচাকেনা চালিয়ে যেতে দেখা যাচ্ছে।সম্প্রতি রাতে সৈয়দপুর কাপড় মার্কেটসহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকলেও বেশ কিছু দোকান খোলা রয়েছে। দোকানের ভেতরে ও সামনে মোমবাতি জ্বালিয়ে চলছে ক্রেতা-বিক্রেতার বেচাকেনা। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার কথা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। মাইকিং করে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি পরিচালনা করা হচ্ছে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনা অমান্য করায় জরিমানাও করা হচ্ছে। এরপরও অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকার রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও একটি অংশের ব্যবসায়ীর অসহযোগিতার কারণে এর সুফল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় মোমবাতি বা বিকল্প আলো ব্যবহার করে দোকান খোলা রাখায় সরকারি উদ্যোগের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। ব্যবসায়ীদের নিয়মিত সচেতন করা হচ্ছে এবং বিভিন্নভাবে রাত ৮টার পর দোকান বন্ধ রাখার জন্য সজাগ করা হচ্ছে। এর পরও কেউ কেউ সরকারি নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।