বিগত ২০২৪ এর গনঅভ্যুত্থানে ৫ই আগষ্টের পর থেকে উধাও হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জ পোষ্ট অফিসের কাজের ঠিকাদার। সেই থেকেই অদ্যাবধি ঠিকাদারের কোন খোজ নেই। অসামাপ্ত কাজটি আজো বন্ধ রয়েছে। জ্বরাজির্ণ পুরাতন পোষ্ট অফিস সংস্কার প্রজেক্ট প্রকল্পের অধিন ঝিনাইদহের কালীগঞ্জ প্রধান ডাকঘর নলডাঙ্গা পোষ্ট অফিসের সংস্কার কাজটি গত দু,বছরে সমাপ্ত হয়নি। বর্তমানে মুল অফিস রুমের দরজা জানালা না থাকায় ভবনের ভেতরে খড়ি,সাইকেল রাখার গ্যারেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ভবন সংলগ্ন পাশের ছোট্ট একটি রুমে ৮/১০ জন ডাককর্মী ঠাসাটাসি করে চালাচ্ছেন অফিসের কর্মযজ্ঞ। এ অবস্থায় ভবন সংকটে চরম দূর্ভোগ পোহাচ্ছেন ডাক বিভাগের কর্মীরা। সেই সাথেই অতি জনগুরুত্বপূর্ণ পোষ্ট অফিসটির সরকারী, বেসরকারী ও জনসাধারনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গ্রহন ও বিলি বিতরনেও চরম অচালবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি জ্বরাজির্ণ ভবনটিতে নিরাপত্তার শংকা রয়েছে।
সরেজমিনে উপজেলার প্রধান ডাকঘর নলডাঙ্গা পোষ্ট অফিসটিতে গিয়ে দেখা গেছে, অফিস রুমের মুল প্রবেশদারে দরজা ও জানালা নেই। তার ভেতরে কাঠের জালানি কাঠও ষ্টাফদের মটর সাইকেল রাখা হয়েছে। অফিস সংলগ্ন পাশের একটি ছোট্ট ১০ বাই ১০ সাইজের একটি রুমে ৪টি টেবিল পেতে ৮ জন ডাককর্মী ঠাসাঠাসি করে কাজ করছেন। তারই পাশে ৬ ফুটের আরো ছোট্ট একটি রুমে উপজেলা পোষ্ট মাষ্টার তার দাপ্তরিক কাজ চালাচ্ছেন। অফিসটিতে কর্মরত উপজেলা পোষ্ট মাষ্টার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বলেন, গত এক বছর হল তিনি এখানে যোগদান করেছেন। কালীগঞ্জের প্রধান ডাকঘর অফিস। তিনি যোগদানের আগে থেকেই এমন বেহাল অবস্থায় পড়ে আছে। ভবনটি জ্বরাজীর্ণ হয়ে পড়ায় তা সংস্কারের জন্য ২০২৩ সালে টেন্ডার করা হয়েছিল। সে সময়ে ঝিনাইদহের এক ঠিকাদার কাজটি শুরু করেছিলেন।
পোষ্ট মাষ্টার বলেন তিনি শুনেছেন, ২০২৪ সালের ৫ই আগষ্টের পর থেকে ভবনের সংস্কার কাজটি বন্ধ হয়ে আর শুরু হয়নি। তিনি দ্বায়িত্ব পালনকালীন সময়ে কাজের ঠিকাদার একদিন এখানে আসেননি। ঠিকাদার বা প্রতিষ্ঠানের নামও জানেন না বলে জানান তিনি। এদিকে অত্র অফিসের এক ডাককর্মী জানান, বিগত আওয়ামী সরকারের একজন আশির্বাদ পুষ্ট লোক ছিলেন ঠিকাদার। যে কারনে ৫ই আগষ্টের পরই ভবনের কাজ বন্ধ রেখে পালিয়েছে। সেই থেকেই তিনি আর ফিরে আসেনি।
ঝিনাইদহ প্রধান ডাকঘর অফিসের পোষ্ট মাষ্টার রিয়াজুল হক জানান, তিনি কয়েক মাস হল এ অফিসে যোগদান করেছেন। কালীগঞ্জ প্রধান পোষ্ট অফিসের সংস্কার কাজটি কেন বন্ধ বা ঠিকাদার কে ছিলেন তা তিনি বলতে পারছেন না। তবে, কালীগঞ্জ পোষ্ট অফিস ভবনের মত অনেক উপজেলার পোষ্ট অফিস গুলির সংস্কার কাজও বন্ধ আছে বলে যোগ করেন তিনি। জ্বরাজির্ণ পুরাতন পোষ্ট অফিস সংস্কার প্রজেক্টের সাব- ইন্জিনিয়ার তাইবুর রহমান বলেন, গত ৩ মাস আগে তিনি জ্বরাজীর্ণ কালীগঞ্জ প্রধান পোষ্ট অফিস ভবনটি পরিদর্শন করে এসেছেন। তিনি বলেন, ২০২৩ সালে ভবন সংস্কারের টেন্ডারটি হয়েছিল। তবে, ওই কাজের ব্যায় বরাদ্ধ বা ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, ঠিকাদার পালিয়েছে বা কাজ বন্ধের বিষয়টি প্রথম আপনার মাধ্যমেই জানলাম। পোষ্ট অফিসের কর্মকর্তারা কখনও সমস্যাটি নিয়ে তার কাছে আসেনি। বিষয়টি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে যোগ করেন তিনি।