ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এ পুরস্কার অর্জন করেন। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রাইকন ২০২৬’ পঞ্চম আইইইই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বিষয়ক এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষকেরা অংশ নেন। আইইইই বাংলাদেশ শাখা ও আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৪টি দেশের গবেষকদের কাছ থেকে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই শেষে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্য থেকে রুয়েটের অলোক কুমার পাল ও আবু তালহা রনির গবেষণাটি বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করে।
দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৮ সেপ্টেম্বর সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস ইনকরপোরেটেডের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর উৎপাদনে পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের অচলাবস্থার সময় কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার নিয়ে আলোচনা করেন।