স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব পালন করতে পারছে না: শফিকুর রহমান

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব পালন করতে পারছে না: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব ইতোমধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে পড়েছে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত বিভিন্ন কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে দলটি জড়িত নয় বলে দাবি করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই এ সংকটের চূড়ান্ত সমাধান। তবে বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এদিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ও আয় ব্যবস্থাপনা নিয়ে সরকার, মাজারের খাদেম-সংশ্লিষ্ট ব্যক্তি এবং সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, মাজারের আয় কীভাবে সমাজ ও ধর্মীয় কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে সবার গ্রহণযোগ্য একটি টেকসই সমাধান প্রয়োজন। কোনো পক্ষের ওপর চাপ প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধানে পৌঁছানো উচিত। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের ইসলামির আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিসিকের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।

আপনার জেলার সংবাদ পড়তে