মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণদের সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলার আটটি থানার দল নিয়ে বাবুরহাট পুলিশ লাইনস মাঠে আয়োজিত এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে (২৫ সেপ্টেম্বর)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা পুলিশের এই প্রয়াস তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখবে।" তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। কমিউনিটি পুলিশিংয়ের এই উদ্যোগ সাধারণ মানুষ ও পুলিশের মধ্যকার দূরত্বের দেয়াল ভেঙে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও ক্রীড়ামোদী স্থানীয় জনতা।
আটটি থানার তরুণ অ্যাথলেটদের অংশগ্রহণে এ টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চাঁদপুরের ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, প্রতিদ্বন্দিতাপূর্ণ এই টুর্নামেন্টের মাধ্যমে একদিকে জেলায় কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলার প্রসার ঘটবে, অন্যদিকে সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসম্পৃক্ততা এক নতুন মাত্রা পাবে।