গাংনী সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধে ব্যর্থ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৯ পিএম
গাংনী সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধে ব্যর্থ

মেহেরপুরের গাংনী সীমান্তে শিশু সহ ৪জনকে পুশইনের চেষ্টা করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোররাতে শেওড়াতলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। শুক্রবার দুপুর ২টা ৩২ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনীর শেওড়াতলা বিওপির সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর নিকট প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর বিজয় মাঠপাড়া ক্যাম্প কর্তৃক ০৪ জন (পুরুষ-০২, মহিলা-০১ ও শিশু-০১) অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল  বিষয়টি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ এর অবৈধ পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।পরে আনুমানিক সকাল ৬ টার দিকে   ১০৪ নম্বর গেট দিয়ে বিজয় মাঠপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষ সুত্রে জানা যায়, বর্ণিত নাগরিকরা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল রাশেদ কামাল রনি জানান, গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসীর  প্রতিরোধে সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে