দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো মনজুরুল ইসলাম এমপি ফটকটির উদ্বোধন করেন।
এ সময় কলেজের বিএনসিসি সদস্যরা সংসদ সদস্যকে ‘গার্ড অব অনারথ প্রদান করেন এবং কলেজ মাঠে ১০০ দিনের ফ্রি ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিরও উদ্বোধন করেন এমপি মনজুরুল ইসলাম। জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার এবং স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান ফটক উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের অবকাঠামোগত সৌন্দর্যে নতুন সংযোজন হয়েছে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহী ব্যক্তিদের চিহ্নিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।