চাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত, র‌্যালি ও পুরস্কার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:৫৪ পিএম
চাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত, র‌্যালি ও পুরস্কার বিতরণ

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাঁকঝমকপূর্ণ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর, ২০২৬) সকালে চাঁদপুর ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বক্তব্যে তিনি বলেন, “কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সবার যৌথ দায়িত্ব। বাল্যবিয়ে একটি কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে চরমভাবে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সালমা মহাজাবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাছিমা আক্তার। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, বাল্যবিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করা, কন্যাশিশুদের শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণ এবং তাদের মৌলিক অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজের সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে