চাঁদপুর শহরের জেলা পরিষদ সংলগ্নের বাবুরহাটে জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জিন্নাহ পাটওয়ারীর মেসার্স শারমিন ফিলিং স্টেশনে গ্রাহকদের পরিমানে তেলে কম দেয়ার পুকুর চুরির অভিযোগে জরিমানা করেছে বিএসটিআই। ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় জরিমানার তথ্য নিশ্চিত করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ফিল্ড অফিসার(সিএম) এস.এম. শাকিল ইউসুফ।
তিনি জানান, শারমিন ফিলিং স্টেশনে ১টি ডিজেল এবং ১টি অক্টেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৪০ মি.লি. এবং ৪১০ মি.লি কম প্রদান করায় 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তবে কবে থেকে ফিলিং স্টেশনটিতে এই কান্ড করা হচ্ছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিনই পরিমানে তেল কম দেয়ার এই ঘটনা ঘটিয়ে চলেছে শারমিন ফিলিং স্টেশন। কেননা ২০২৪ সালের ৩০ ডিসেম্বরও গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেসার্স শারমিন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। পরে দেখা গেছে, চাঁদপুরের শারমিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল গ্রাহকদের দেয়ার সময় পরিমাপে ব্যাপক কারচুপি রয়েছে। এর বেশিরভাগ ভুক্তভোগী বাইক চালকরা। তাই বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত তখন নগদ এক লাখ টাকা জরিমানা করেছেন। তখন ঐ পাম্পকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রতি ৫ লিটার ডিজেলে ২৪০ মিলি, প্রতি ৫ লিটার অকটেনে ২২০ মিলি এবং প্রতি ৪ লিটার পেট্রলে ২০০ মিলি কম প্রদান করছিলো। তাই ঐ জরিমানা করা হয়।
এদিকে আজকের অভিযোগ প্রসঙ্গে মেসার্স শারমিন ফিলিং স্টেশনের কর্নধার জিন্নাহ পাটোয়ারি বলেন, তেল টানার পাইপ লিকেজ থাকায় তেল কম উঠছিলো। গ্রাহকদের তেল কম যাচ্ছে বুজতে দেড়ি করার মতো পাইপ লিকেজের এমন ত্রুটি কেনো নজরে রাখেনি তাই জরিমানার পর ফিলিং স্টেশনটির ম্যানেজারকে তাৎক্ষনিক চাকরী থেকে অব্যাহতি দিয়েছি। জরিমানার পর বিএসটিআইয়ের সদস্যরা চলে যাওয়ার পর পরই লিকেজকৃত পাইপ ঠিক করা হয়েছে। এখন তেল পরিমাপে ঠিক দেয়া হচ্ছে। এদিন মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল বলেন, ওজনে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় শারমিন ফিলিং স্টেশনকে ৪০ হাজার এবং মায়ের দোয়া নামের একটি বেকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স গ্রহণের আবেদন ব্যতিরেকে কেক, বিস্কুট পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতকরণের অপরাধে "বিএসটিআই আইন - ২০১৮" এর ১৬/৩১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকাসহ এদিন অভিযানে মোট ৯০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষনিক আদায় করা হয়।জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক(মেট্রোলজি) মো: শামস তাবরেজ ও ফিল্ড অফিসার(সিএম) এস.এম. শাকিল ইউসুফ।