কমেছে ওষুধের বরাদ্দ

তানোরে অব্যবস্থাপনায় কমিউনিটি ক্লিনিক, চিকিৎসা সেবায় উদাসিন স্বাস্থ্যকর্মীরা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৯ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৯ পিএম
তানোরে অব্যবস্থাপনায় কমিউনিটি ক্লিনিক, চিকিৎসা সেবায় উদাসিন স্বাস্থ্যকর্মীরা
রাজশাহীর তানোর উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকগুলোতে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ওষুধের বরাদ্দ ও সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এছাড়াও দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবায় উদাসিন। ফলে এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার মুখ থুবড়ে পড়েছে। সরজমিনে অনুসন্ধানে জানা গেছে, এ উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে (Community Clinic) মোট ৩ জন স্বাস্থ্যকর্মী থাকার নিয়ম রয়েছে। এদের মধ্যে ১ জন সার্বক্ষণিক (ফুল-টাইম) এবং বাকি ২ জন খণ্ডকালীন (পার্ট-টাইম) হিসেবে সেবা দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু খণ্ডকালীন ২ জনের দেখা মিলে না কমিউনিটি ক্লিনিকে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, পুরো উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) নামে ১ জন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী রয়েছেন। তিনি ক্লিনিকের মূল ও সার্বক্ষণিক (Full-time) থাকবেন। নিয়মিত ক্লিনিক খুলে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া এবং সব ধরনের অফিশিয়াল ও ডিজিটাল ডেটা এন্ট্রি বা হিসাব রক্ষণাবেক্ষণের প্রধান দায়িত্ব তার। তিনি সপ্তাহে ৬ দিনই ক্লিনিকে বসবেন। এছাড়াও স্বাস্থ্য সহকারী (Health Assistant (HA) স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এর অধীনে মাঠপর্যায়ের খণ্ডকালীন (Part-time) কর্মী। তিনি সপ্তাহে ৩ দিন নিজস্ব মাঠপর্যায়ে টিকাদানসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেবেন। আর বাকি ৩ দিন কমিউনিটি ক্লিনিকে এসে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন। কিন্তু তিনি এসবের কিছুই করেন না। সবই করেন প্রোভাইডার। অন্যদিকে, পরিবার কল্যাণ সহকারী (Family Welfare Assistant (FWA) পরিবার পরিকল্পনা অধিদপ্তর (উএঋচ) এর অধীনে মাঠপর্যায়ের খণ্ডকালীন (Part-time) কর্মীও রয়েছে। তিনি মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার পরামর্শ দেবেন। তিনিও সপ্তাহে বাকি ৩ দিন কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা ও সামগ্রী বিতরণ করবেন। কিন্তু তিনি শুধু উপজেলা সদরে বসেন। মাঠপর্যায়ে কোন কাজ করেন না বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। অপরদিকে, সরকারি জনবল ছাড়াও প্রতিটি কমিউনিটি ক্লিনিক স্থানীয়ভাবে পরিচালনার জন্য ১৩ থেকে ১৭ সদস্য বিশিষ্ট একটি 'কমিউনিটি গ্রুপ' (CG) কমিটি রাখার নিয়ম রয়েছে। যার সভাপতি হন সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ (UP) মেম্বার। এই কমিটি ক্লিনিকটির রক্ষণাবেক্ষণ ও তদারকিতে সাহায্য করে থাকে। এমন পরিচালনা কমিটি রয়েছে কি না এসম্পর্কে কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। এনিয়ে উপজেলার সরনজাই সরকারপাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার কাজল রেখা বলেন, সরকারি নিয়মে প্রতিটি ক্লিনিকে ২৮ প্রকার ওষুধের বরাদ্দ থাকলেও তা কমিয়ে ২২ প্রকার ওষুধ বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ক্লিনিকে আসা রোগীরা চিকিৎসকের পরামর্শ পেলেও প্রয়োজনীয় সরকারি ওষুধ পাচ্ছে না এমন অভিযোগ সঠিক নয় বলে এড়িয়ে গেছেন তিনি। এবিষয়ে ক্লিনিক এলাকার বাসিন্দা তারামন, সুলতানা ও ইয়াদ আলী জানান, প্রেসক্রিপশনে নামমাত্র দুয়েকটি ওষুধ দিয়ে রোগীদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও অনেক সময় নির্দিষ্ট সময়ে ক্লিনিক খোলা হয় না। আর নির্দিষ্ট সময়ের আগে বন্ধ হয়ে যায়। দায়িত্বে থাকা অনেক সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ দীর্ঘ দিনের। বরাদ্দকৃত স্বল্প পরিমাণ ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে এ উপজেলার কোনো কোনো ক্লিনিক ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। তানোরের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষ চিকিৎসাসেবার জন্য পুরোপুরি এসব কমিউনিটি ক্লিনিকের ওপর নির্ভরশীল। কিন্তু পর্যাপ্ত ওষুধ না থাকায় সামান্য সর্দি-কাশি, জ্বর বা প্রাথমিক চিকিৎসার জন্যও তাদের এখন অতিরিক্ত অর্থ ব্যয় করে দূর-দূরান্তের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ বা বাজারের ফার্মেসিতে যেতে হচ্ছে। এবিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে তানোর উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ওষুধের স্বাভাবিক বরাদ্দ ফিরিয়ে আনা এবং স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্টদের তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন। এব্যাপারে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানে অবহেলা ও কোন অনিয়মের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে