হাইমচর ও চাঁদপুরে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের অভিযান, ৮ জেলের কারাদণ্ড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
হাইমচর ও চাঁদপুরে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের অভিযান, ৮ জেলের কারাদণ্ড

জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও জাটকা নিধন রোধে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান ও বাজার পরিদর্শন পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, ২টি মাছ ধরার নৌকা জব্দসহ ৮ জন অসাধু জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হাইমচর উপজেলার তেলীর মোড় সংলগ্ন মাছের আড়তে এক বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শন শেষে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আনুমানিক ৪০,০০০ (চল্লিশ হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে, ইলিশের অভয়াশ্রমে অসাধু জেলেদের তৎপরতা বন্ধে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এবং কোস্টগার্ডের সহায়তায় মেঘনা নদীতে এক বিশেষ টহল পরিচালিত হয়। ভোর ৪:০০ টা থেকে সকাল ৯:০০ টা পর্যন্ত লালপুর ও আমিরাবাদ সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে ১টি চার-সিলিন্ডার চালিত নৌকা ও ১টি এক-ঘোড়া ইঞ্জিনচালিত নৌকাসহ ৮ জন অসাধু জেলেকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে পরিচালিত ৪টি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)-এর মাধ্যমে আটককৃত অসাধু জেলেদের আইনানুগ শাস্তি প্রদান করা হয়। বিচারক ৬ জন জেলেকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও জনপ্রতি ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২ জন জেলেকে ১৬ দিনের কারাদণ্ড ও জনপ্রতি ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে জব্দ করা আরও ১৫,০০০ (পনেরো হাজার) মিটার কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে উদ্ধার করা ৬ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ইলিশ সম্পদ রক্ষায় এবং অবৈধ কারেন্ট জালের প্রাদুর্ভাব বন্ধে নদী ও আড়তগুলোতে এ ধরনের নিয়মিত ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে