নীলফামারীতে হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
নীলফামারীতে হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে জেলার ছয় থানায় হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

১৫ অক্টোবর নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার সেলের আয়োজনে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতার জন্য নীলফামারী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তাঁরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিত কাজ করে যাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহার, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. মাহমুদ খান।

আপনার জেলার সংবাদ পড়তে