মুলাদীতে

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:০০ পিএম
বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

রিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারী (৪০) হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৭জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বাবা আব্দুস ছত্তার ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন।

মামলায় গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা গ্রামের রহমত উল্লাহ ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩২), মোজাম্মেল ফরাজী (৩৭), ফয়সাল ফরাজী (২৪), মিজানুর রহমান মন্টু ফরাজী (৫০), রফিক ফরাজী (২৭), নুরুজ্জামান ফরাজী (৬২), তাসলিমা বেগম (৪৭) এবং খলিলুর রহমান সরদার (৬০) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮জনকে আসামি করা হয়েছে। 

মামলার সূত্রে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ঢাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, মামলার ২ নম্বর আসামি গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. বারেক ফরাজীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল। শুক্কুর আলী ব্যাপারী উপজেলার ৪ নং গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। ইউনিয়নে জুয়া খেলা ও মাদক বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় হামলার শিকার হয়ে ১৫ অক্টোবর ভোর রাত ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারের অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল এসআরবি-৮ (সদর কোম্পানী) ও ঢাকা এসআরবি-১০ (সিপিসি-১)। এ সময় ঘটনার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মামলার ২ নম্বর আসামি গাছুয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. বারেক ফরাজীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ অক্টোবর মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী ও সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বিলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হলো এবং দলের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো যোগাযোগ না রাখার অনুরোধ করা হয়েছে।  মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, শুক্কুর আলী ব্যাপারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে এবং এক আসামি গ্রেপ্তার হয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে