পর্যটন বিকাশে গজনী অবকাশ কেন্দ্রের সমস্যা-সম্ভাবনা নিয়ে কর্মশালা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম
পর্যটন বিকাশে গজনী অবকাশ কেন্দ্রের সমস্যা-সম্ভাবনা নিয়ে কর্মশালা

শেরপুরের গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের আকর্ষণ বাড়ানো এবং পর্যটনসেবার মান উন্নয়নে ফটোগ্রাফার ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের কালচারাল সেন্টার অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম ও বিএনপি নেতা দুলাল উদ্দিন মণ্ডল।

কর্মশালায় পর্যটনকেন্দ্রের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন রাইডের ইজারাদার, ফটোগ্রাফার, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় গজনী অবকাশ কেন্দ্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যটকদের আকৃষ্ট করতে সেবার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন গজনী অবকাশ কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ও সোলার প্যানেল সংস্কারসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের উত্থাপিত সমস্যা, অভিযোগ ও সম্ভাবনার বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে