তালতলীতে

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:১২ পিএম
বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

বরগুনার তালতলীতে বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা আবুবকর সিদ্দিক ওরেফ নসু মৃধা। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় ‘তালতলী প্রেসক্লাব’ -এর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- তালতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও বিএনপি নেতা আকন মো. আল-মামুন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা নসু মৃধা অভিযোগ করে বলেন, উপজেলা শহরের বটতলা এলাকায় তাঁর নিজস্ব মালিকানাধীন জমি ও দোকানঘর আকন মামুন ও নাসির উদ্দিন বাস কাউন্টার পরিচালনার জন্য ভাড়া নেন। গত তিন মাস ধরে তাঁদের কাছে ১৭ হাজার টাকা ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। উক্ত বকেয়া টাকা পরিশোধের জন্য অনুরোধ করা হলে তাঁরা পাওনা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদান করতে থাকেন। বকেয়া পাওনার দাবিতে তিনি দোকানঘর থেকে দুটি চেয়ার ও একটি টেবিল সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে আকন মামুন ও তাঁর সহযোগীরা আশপাশে থাকা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের ছবি সম্বলিত ব্যানার ও ছবি ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপায়। তারা দলের ও আমাদের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা দলের শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের সাজানো নাটক তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। নসু মৃধা আরও জানান, আকন মামুন ও নাসির উদ্দিন গং শুধু দলের ভাবমূর্তি নষ্টই করছে না, তারা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান এর নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও জমি দখলের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাই দলীয় শৃঙ্খলা রক্ষা এবং এ ধরনের অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আকন মো. আল-মামুন। তিনি বলেন, “জমিটি ক্রয়সূত্রে আমাদের মালিকানাধীন। তৎকালীন সময়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু অন্যায়ভাবে জমিটি দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছিলেন। গত ৫ আগস্টের পর প্রশাসন ও ছাত্রদলের যৌথ সহযোগিতায় জমিটি উদ্ধার করা হয়। বর্তমানে সেখানে আমরা ব্যবসায়িক ও দলীয় কার্যক্রম পরিচালনা করছি। উল্টো নসু মৃধা ও তাঁর সহযোগীরা আমাদের দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।” এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে