সিলেট বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। একই সময়ে নতুন করে আরও ১৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে চারজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে, চারজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ২৭৬ জন, সুনামগঞ্জে ১৩৯ জন, সিলেটে ১৩৩ জন এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন রয়েছেন। এ ছাড়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।