রাজশাহীর তানোরে জনসাধারণের ব্যবহারের একটি ঐতিহ্যবাহী পুকুরঘাট বন্ধ ও সরকারি খাসজমি দখল করে পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দেওয়ার পর আড়াই মাস পেরিয়ে গেলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বানিয়াল পশ্চিমপাড়া গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি পুকুরের পুরাতন ঘাট বন্ধ করে স্থায়ীভাবে পাকাবাড়ির ভবন নির্মাণ করছেন। দীর্ঘদিন ধরে ওই ঘাটটি সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছিলেন। জনসাধারণের চলাচলের পথ ও ঘাটটি উন্মুক্ত করার দাবিতে গত ২৮ আগস্ট গ্রামবাসীর পক্ষে হযরত মোল্লা ও কবিরুল ইসলাম তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করা হলেও এখনো কাজ বন্ধ বা উচ্ছেদের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বানিয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা।
অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দাবি করেন, যে সরকারি জায়গায় তিনি বাড়ি করছেন, সেটি তিনি পত্তন (লিজ) পেয়েছেন। তবে উপজেলার মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাৎ হোসেন জানান, তিনি ঘটনাস্থল তদন্ত করে সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করতে নিষেধ করেছেন। অভিযুক্ত ব্যক্তি পত্তনের দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি। এ বিষয়ে দ্রুতই এসিল্যান্ড বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
এব্যাপারে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই জনসাধারণের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ই/তা