গফরগাঁওয়ে প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি বাচ্চু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৭:৩৩ পিএম
গফরগাঁওয়ে প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি বাচ্চু

ময়মনসিংহ-১০(গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। 

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

এমপি বাচ্চু আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমার নির্বাচনী আসন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উস্থি ইউনিয়নের কান্দিপাড়া কড়ইতলা পার্শবর্তী নতুন রাস্তায় বৃক্ষরোপন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা মনিব, উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ইসহাক, কান্দিপাড়া বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান সুজন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈম বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য দক্ষিণ গফরগাঁও গড়ে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে