বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের এলাহী প্রধানের ছেলে। তিনি পেশায় একজন কনজুমার ডিলারশিপ ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আক্তার হোসেন খোকন মোটরসাইকেলযোগে মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সম্ভুখার মোড় এলাকায় পৌঁছালে সাহেব বাজারের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক ট্রলিটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকনের মৃত্যু হয়েছে। এদিকে, বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এসব অবৈধ ট্রলি চলাচল বন্ধ ও দায়ী চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দুর্ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করা এবং এর চালককে গেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।